ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ শহরের মিরপুর দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত একটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর আড়াইটার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানকালে মেসার্স জেমি আইসবার নামের প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে শিশু খাদ্য হিসেবে ব্যবহৃত আইসক্রিম উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. হুসাইন মোল্যাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও ভোক্তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়।
অভিযানে ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




