মোঃ হোসেন আলী ছোট্ট:
সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুন খানের নেতৃত্বে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর কর্মদক্ষতা, সততা এবং নিরলস পরিশ্রমে উপজেলার বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ সদর উপজেলা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা। জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন শেষে মোঃ মামুন খান সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সহকারী কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রশাসনিক সেবার মানোন্নয়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
স্থানীয়দের মতে, ইউএনও মোঃ মামুন খান নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প তদারকি করেন। সরকারি ছুটির দিনেও তাঁকে অফিস কিংবা বিভিন্ন কর্মস্থলে দেখা যায়। জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করার কারণে তিনি দ্রুতই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর বিশেষ উদ্যোগ প্রশংসিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে তিনি নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। সম্প্রতি এসএসসি পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁর নেওয়া পদক্ষেপ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশংসা কুড়িয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ছিল দৃশ্যমান।

এছাড়া উপজেলা পরিষদ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমেও নতুন গতি এসেছে। নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে।

সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজনদের মতে, মোঃ মামুন খান একজন দায়িত্বশীল, সৎ ও কর্মমুখী কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এ বিষয়ে ইউএনও মোঃ মামুন খান বলেন, “সরকারি কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সহযোগিতায় আমরা আরও ভালো কিছু করতে চাই। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, মোঃ মামুন খানের নেতৃত্বে সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে যে গতি ও পরিবর্তন এসেছে, তা ভবিষ্যতে আরও ইতিবাচক ফল বয়ে আনবে। উন্নয়ন ও জনসেবার এই ধারাবাহিকতা বজায় থাকলে সদর উপজেলা একটি আধুনিক ও সুশাসনভিত্তিক মডেল উপজেলায় পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।






