ফটোকার্ড
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নের সন্ন্যাসী পাড়া এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাঁধ নির্মাণের ফলে রাস্তা সংকুচিত হওয়াকে কেন্দ্র করে একটি মহল কর্তৃক সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী মো. মুসলিম উদ্দিন।
ভুক্তভোগী মুসলিম উদ্দিন এক বিবৃতিতে জানান, তালমা নদীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বাঁধ নির্মাণের কারণে ওই এলাকার রাস্তাটি সংকুচিত হয়েছে। এর সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক বা সম্পৃক্ততা নেই। অথচ গ্রামের কিছু কুচক্রী ও উদ্ভট যুবক সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে, তার বাবা এবং চাচাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে তাদের দীর্ঘদিনের অর্জিত সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।
মুসলিম উদ্দিন স্পষ্ট করে বলেন, “উক্ত স্থানে আমার বা আমার পরিবারের কোনো জমি নেই, আর রাস্তায় গাছ লাগানোর যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি সেখানে কোনো গাছ লাগাইনি। পাউবোর সরকারি কাজের ফলে সৃষ্ট রাস্তা সংকোচনের দায় সম্পূর্ণ অন্যায়ভাবে আমাদের ওপর চাপিয়ে দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, এই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের পেছনে একটি মহলের গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি এই ভিত্তিহীন ও হয়রানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। সেই সাথে অসত্য তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসী ও সচেতন মহলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।




