ফটোকার্ড
এস. এম. জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রত্যন্ত ইসলাছড়া খাসি পুঞ্জির তরুণ বিলিভ সুছিয়াং আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁর জীবন এখন চরম ঝুঁকির মুখে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না হলে তাঁর জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়বে। কিন্তু এ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা, যা তাঁর অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব।
পারিবারিক সূত্রে জানা যায়, বিলিভের বাবা রেভারেন্ড পাইরিন সুটিং একজন ধর্মীয় সেবক ও পুরোহিত। সীমিত আয়ের এই পরিবারটি দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিলিভ। মাথা ঘুরে প্রায় অচেতন হয়ে গেলে তাঁকে দ্রুত একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁর কিডনিতে জটিল সমস্যা শনাক্ত করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন।
পরবর্তীতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কিডনি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে প্রায় আট মাস চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। এরপর আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় উন্নত চিকিৎসার আশায় তাঁকে ভারতের আসামের একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানেও দীর্ঘ সময় চিকিৎসা গ্রহণের পর কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি।
সর্বশেষ তাঁকে ভারতের ভেলোরের খ্যাতনামা খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, বিলিভের দুটি কিডনিই প্রায় ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে। তাঁর জীবন বাঁচাতে এখন একমাত্র উপায় জরুরি ভিত্তিতে কিডনি প্রতিস্থাপন।
চিকিৎসকদের হিসাব অনুযায়ী, কিডনি প্রতিস্থাপন, প্রয়োজনীয় ওষুধপত্র এবং পরবর্তী চিকিৎসা ব্যয় মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকা প্রয়োজন হবে। কিন্তু একজন ধর্মীয় সেবকের পরিবারের পক্ষে এত বিপুল অর্থের ব্যবস্থা করা সম্ভব নয়। ফলে মানবিক সহায়তার আশায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দানশীল মানুষের দ্বারস্থ হয়েছে পরিবারটি।
বিলিভের পরিবারের সদস্যরা আবেগঘন কণ্ঠে বলেন,আমাদের সামর্থ্য শেষ হয়ে গেছে। সবার সামান্য সহযোগিতাও বিলিভের জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে। আমরা মানবিক মানুষদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহায়তাও হতে পারে অমূল্য অবদান। সমাজের হৃদয়বান মানুষদের সহযোগিতায় হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বিলিভ সুছিয়াং।
সহযোগিতার ঠিকানা:
নাম: বিলিভ সুছিয়াং
বিকাশ: ০১৭৭৬-২৪৪৪৪২
ব্যাংক হিসাব নম্বর: ৫৮১৪৯০১০০৫৭১৬
হিসাবের নাম: বিলিভ সুছিয়াং
ব্যাংক: সোনালী ব্যাংক, বরমচাল ফুলেরতল শাখা, কুলাউড়া, মৌলভীবাজার।
“একটি জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে সবচেয়ে বড় মানবিক উপহার।”






