মোঃ জুবায়ের হোসাইন, বেলকুচি উপজেলা প্রতিনিধি:
আসন্ন ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক মোঃ নূর আলম তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।
শুক্রবার (১২ জুন ২০২৬)এক সাক্ষাৎকারে তিনি বলেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের জনগণের আস্থা ও দলের সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও রোল মডেল ইউনিয়নে পরিণত করবেন।
নূর আলম জানান, তিনি ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং সাবেক ছাত্রদল নেতা হিসেবে দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সময়ে কারাবরণও করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সন্তান। এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। জনগণের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল-মাদ্রাসা এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।”
নূর আলম বলেন, “আমি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই। যার যার প্রাপ্য অধিকার, তা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবো।”
তিনি আরও বলেন, মহান আল্লাহর রহমত, দলীয় নেতৃত্বের আস্থা এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়নের জনগণের সমর্থন পেয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে নিজের সামর্থ্য, মেধা, দক্ষতা ও শ্রম দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন।
পরিশেষে তিনি ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।





