ফটোকার্ড
মো. জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার :
সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৮ জুলাই মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বুধবার (১৫ জুলাই) সিরাজগঞ্জ শহরের ৩ নম্বর ক্রসবার এলাকায় অবস্থিত হান্টার্স ডাইন অ্যান্ড পার্টি জোনে এ সভার আয়োজন করে মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সদস্য সচিব আখতারুজ্জামান আখতার ফকির।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, মরহুম মির্জা মোরাদুজ্জামান ছিলেন একজন সৎ, জনদরদি ও গণমানুষের নেতা। তাঁর রাজনৈতিক আদর্শ, সততা ও জনকল্যাণে নিবেদিত কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি বলেন, “আমি তাঁর সন্তান হিসেবে গর্ববোধ করি। তাঁর আদর্শ ও স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু এবং জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আসলাম উদ্দিন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, পৌর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, জেলা মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি, ডা. আজিজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যরা।

সভায় বক্তারা মরহুম মির্জা মোরাদুজ্জামানের রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও গণমানুষের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আগামী ১৮ জুলাই তাঁর ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




