সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় অবস্থিত আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল লাইব্রেরি কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দেশের সংকটময় সময়ে তাঁর সাহসী নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনায় বিচক্ষণতা এবং জাতীয় উন্নয়নের দর্শন আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে। তাঁরা বলেন, তিনি শারীরিকভাবে আজ আমাদের মাঝে না থাকলেও তাঁর আদর্শ, কর্ম দর্শন এবং জাতীয়তাবাদী চিন্তাধারা দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে যখন বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল, তখন জিয়াউর রহমান জনগণকে আত্মনির্ভরশীলতা, উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় ঐক্যের পথে উদ্বুদ্ধ করেছিলেন। কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তিনি দেশের টেকসই উন্নয়নের ভিত্তি রচনা করেন।

বক্তারা আরও বলেন, দেশপ্রেম, আত্মত্যাগ, উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক হিসেবে জিয়াউর রহমান আজও কোটি মানুষের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত রয়েছেন। তাঁর আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।






