মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক ও আমানতকারীরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ১০টায় জেলা শহরের ২ নম্বর খলিফাপট্টি এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিরাজগঞ্জ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন আমানতকারী ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক গ্রাহক ও আমানতকারী অংশগ্রহণ করেন। নারী গ্রাহকরাও মানববন্ধনে অংশ নিয়ে দাবিগুলোর প্রতি একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—
১. খুরশীদ আলমের অবিলম্বে অপসারণ ও পদত্যাগ নিশ্চিত করা।
২. ইসলামী ব্যাংকের সাবেক সফল ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যান ওমর ফারুককে সসম্মানে পুনর্বহাল করা।
৩. ইসলামী ব্যাংকের বর্তমান সংকটময় পরিস্থিতির দায়ভার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনতিবিলম্বে পদত্যাগ।
৪. বিতর্কিত এস আলম গ্রুপের সকল স্থাবর ও অস্থাবর সম্পদ সরকারের হেফাজতে নিয়ে জব্দ করা।
৫. ইসলামী ব্যাংকে থাকা এস আলম গ্রুপের জব্দকৃত শেয়ার বাজারমূল্যে বিক্রি করে তাদের নেওয়া বেনামী ও খেলাপি ঋণ দ্রুত সমন্বয় করা।

বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে হলে দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে সাধারণ গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পাবে। তাই গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল আমিন সিদ্দিক খসরু এবং সঞ্চালনা করেন ব্যবসায়ী আব্দুল কাদের ইমন। এ সময় উপস্থিত ছিলেন ড. খ. ম. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আবু তালেব আকন্দ, অধ্যাপক শাহীন রেজা, ইকবাল হোসেন সিদ্দিকী, আমির হোসেন, তাহেরা খাতুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।






