
ইছাহাক হোসেন,এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা, জেলা বিএনপির উপদেষ্টা এবং দলের দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক আব্দুস সালামের অসুস্থতার খোঁজখবর নিতে তার বাসভবনে যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় তিনি আব্দুস সালামের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
সোমবার (১ জুন ২০২৬) বিকেলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি অসুস্থ এই বর্ষীয়ান নেতার বাসভবনে যান। সেখানে উপস্থিত হয়ে তিনি আব্দুস সালামের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় মির্জা মোস্তফা জামান বলেন, “আব্দুস সালাম শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী ও সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। দলের কঠিন সময়গুলোতে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ তিনি অসুস্থ, তাই তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “আব্দুস সালামের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতারা বিএনপির সম্পদ। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয়।
মির্জা মোস্তফা জামান দলের সকল নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আব্দুস সালামের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, বিএনপির এই প্রবীণ নেতার রাজনৈতিক অবদান ও ত্যাগ দল কখনো ভুলবে না। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য আবু সাঈদ আলম, থানা বিএনপির সাবেক সদস্য মো. হারান সরকার, ২ নম্বর স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সরকার, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বশির উদ্দিন, এনায়েতপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসমত আলী হাসু, স্থল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।