নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীর নিয়ামতপুর প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক যুবকের খোঁজখবর নিতে বগুড়ায় ছুটে গেলেন বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন।
জানা যায়, গত শুক্রবার (২৯ মে) রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রঘুনাথপুর ও বেড়াবাড়ি এলাকার কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে রঘুনাথপুরের এক যুবক ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
শনিবার সকালে চেয়ারম্যান ফরহাদ হোসেন নিজে বগুড়ায় গিয়ে আহত যুবকের সার্বিক খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আশ্বস্ত করেন।
চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। আহত যুবকের চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা কাজ করছেন বলে জানা গেছে।






