
’
মোঃ হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জের কৃতি সন্তান ও বৃক্ষপ্রেমী মাহবুবুল ইসলাম পলাশের ব্যতিক্রমধর্মী উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে আয়োজন করা হয়েছে এক অনন্য ঈদ সালামি কর্মসূচি। তার প্রতিষ্ঠিত “পরিবেশ ও প্রকৃতির পাঠশালা”র উদ্যোগে এবার প্রচলিত অর্থের সালামির পরিবর্তে শিশুদের হাতে তুলে দেওয়া হবে একটি করে গাছ।
সাধারণত ঈদ সালামি মানেই টাকা—কিন্তু সেই ধারা থেকে বেরিয়ে এসে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা জাগ্রত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজক মাহবুবুল ইসলাম পলাশ জানান, “গাছ শুধু একটি উপহার নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেঁচে থাকার নিশ্চয়তা।”

তিনি আরও বলেন, গাছ মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। গাছপালা ছাড়া পৃথিবী প্রাণহীন হয়ে পড়বে। একটি অঞ্চলে যত বেশি গাছ থাকে, সেই অঞ্চল তত বেশি জীবন্ত ও বাসযোগ্য হয়ে ওঠে। গাছই একমাত্র প্রাকৃতিক উৎস, যা আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে—যা ছাড়া মানবজীবন কল্পনাই করা যায় না।
বিশেষজ্ঞদের মতে, একটি পূর্ণবয়স্ক বৃক্ষ বছরে যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, তা অন্তত ১০ জন মানুষের বার্ষিক চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়াও, ১৯৭৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টি. এম. দাস তার গবেষণায় দেখিয়েছেন, একটি ৫০ বছর বয়সী বৃক্ষের আর্থিক মূল্য প্রায় ১ লাখ ৮৮ হাজার মার্কিন ডলার।
পরিবেশ সংরক্ষণে বৃক্ষের অবদান অপরিসীম। গাছ মাটি ক্ষয় রোধ করে, বন্যা ও ঝড়ের প্রভাব কমায়, শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশ্ব বন দিবস ও পবিত্র ঈদের এই মিলিত সময়ে এমন উদ্যোগকে সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাহবুবুল ইসলাম পলাশের এই ব্যতিক্রমী উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত, যা সমাজে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।