
"
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাদকাসক্তির ঝুঁকি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মাদকবিরোধী ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, কলম এবং মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়।
জানা যায়, বুধবার (১৭ জুন ২০২৬) সকালে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজসহ শহরের মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম পরিচালিত হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ বিষয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যেও মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।