
ইছাহাক হোসেন,এনায়েতপুর চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকাল ৮ ঘটিকার সময়
এনায়েতপুর থানার গোপীনাথপুরের জান্নাতুল বাকী ঈদগাহ মাঠে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে এসে সমবেত হতে থাকেন। নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন।
ঈদের জামাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ছোট-বড় সবাই নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতিবছরের মতো এবারও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় কোরবানির প্রস্তুতি নিবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে ঈদ উপলক্ষে এনায়েতপুরের বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।