
মোঃ হোসেন আলী ছোট্ট : প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের ঐতিহ্যবাহী জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় এ আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের কর্মচারীরা অংশ নেন। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

র্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ শাহ আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" উদ্যোগের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিলে ভবিষ্যতে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।