
নাবিউর রহমান (চয়ন) কাজিপুর:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিরাজগঞ্জ-১ আসনের প্রত্যন্ত এলাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।
রবিবার (৭ সেপ্টেম্বর) সারাদিন এই কর্মসূচির অংশ হিসেবে গান্ধাইল ইউনিয়নের কালিকাপুর হাট ও বিভিন্ন বাজারে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রস্তাবিত ৩১ দফা প্রচার ও গণসংযোগ করেন তিনি।
এ সময় স্থানীয় নারী-পুরুষের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখ্যা করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
বিএনপির নেতাকর্মীরা জানান, সেলিম রেজা দীর্ঘদিন ধরে জেলার রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এ জন্যই তিনি ২০২০ সালের জাতীয় সংসদ উপনির্বাচনে নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পান।
ইতোমধ্যে তার নেতৃত্বে কাজিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ৩১ দফা প্রচার সভা সম্পন্ন হয়েছে। তিনি দলীয় প্রচারণার পাশাপাশি সাম্প্রতিক যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত অসংখ্য গৃহহীন মানুষের কাছে তারেক রহমানের নির্দেশে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। অবস্থা বুঝে অনেক নেতা বিদেশে চলে গেলেও তিনি আন্দোলনের মাঠে ছিলেন। এখন কিছু সুবিধাবাদী মনোনয়নপ্রত্যাশী বসন্তের কোকিল হয়ে ফিরছেন, কিন্তু আমরা ত্যাগী নেতাকেই চাই।
এ বিষয়ে সেলিম রেজা বলেন, ‘আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিনই গ্রামের পর গ্রামে ছুটে যাচ্ছি। ৩১ দফা কর্মসূচির মূল বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। একই সঙ্গে যেসব মানুষ দুর্দশায় আছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
তিনি আরো বলেন, আশা করি, অতীতের আমার ত্যাগ ও কর্মের মূল্যায়ন দল করবে। আমি তারেক রহমানের দেওয়া বার্তা ‘জনগণকে পাশে রাখুন, আর জনগণের পাশে থাকুন’—এই স্লোগান নিয়েই রাত-দিন মাঠে আছি।
কর্মসূচিতে কাজিপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।