
কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরে মাত্র ২ থেকে ৩ মিনিটের ঘুর্নিঝড়ে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালী গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫খ্রিঃ) দুপুরে এ ঘুর্নিঝড়ের ঘটনা ঘটে। ঝড়ের কারণে ঘরবাড়ী ও গাছপালা ভেঙ্গে গেছে। ফলে চলাচলের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।
রতনকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, দুপুর ২টার পর গ্রামগুলোর একপাশ থেকে কালো মেঘের মত ভেসে আসতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যে ৪টি গ্রামের বহু বসতবাড়ির টিনের ঘর ও গাছপালা ভেঙ্গে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়ে গেছে। বেশকিছু গাছপালা রাস্তার ওপরে ভেঙ্গে পড়ে যাওয়ায় কয়েকটি চলাচলের রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।
এছাড়াও আবাদি জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং বেশকিছু বিদ্যুতের খুঁটি ও মুরগির খামার ভেঙ্গে গেছে। লোকজনকে তাদের আসবাবপত্র বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনতে দেখা গেছে। অনেকে গাছাপালা সরিয়ে রাস্তা সচল করার চেষ্টা করছেন।
চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত বন্যা খাতুন জানান, বৃষ্টির সময় পরিবারের সবাই ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হলে আমাদের ঘরবাড়ী ভেঙ্গে চুরমার হয়ে যায়। সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। কোন রকম প্রাণ রক্ষা করতে পেরেছি। ঝড়ে বসতঘর উড়ে যাওয়ায় অনেক পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে রয়েছে।
রতনকান্দি ইউপির প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের হোসেন বলেন, শুধু চরচিলগাছাতেই অন্তত ৫০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরীর করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করা হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।