
মোঃ সোহান সেখ :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। এর অংশ হিসেবে কামারখন্দ উপজেলাতেও প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
আব্দুল্লাহ আল কায়েস আরও বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হলে তারা পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হবে।
তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে কামারখন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পরিচালনা করা হবে এবং প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি করে গাছের চারা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।