ফটোকার্ড
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (২২ জুন ২০২৬) ভোরে উপজেলার কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের পাশেই লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল, যা দেখতে বিয়ের শাড়ির মতো। এ কারণে ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।





