
এ সালাম চাঁন তরফদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হকের ভূমিকা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতার সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের জীবনযাত্রায় দৃশ্যমান পরিবর্তন এসেছে।
২০২৫-২০২৬ অর্থবছরে উপজেলার ১৪টি ইউনিয়নে রাস্তা সংস্কার, নতুন ইটের রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ ও মেরামত, কাঁচা ও পিচ্ছিল রাস্তা চলাচলের উপযোগী করে তোলা এবং বিভিন্ন জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।
বীরচারি গ্রামের কৃষক আলম জানান, আগে সামান্য বৃষ্টি হলেই গ্রামের রাস্তা কাদায় পরিণত হতো। এতে সাধারণ মানুষের পাশাপাশি মুসল্লিদেরও মসজিদে যেতে দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে রাস্তা ইট দিয়ে নির্মাণ করায় নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল সম্ভব হচ্ছে। তিনি এ উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
দিগলকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন রশীদ হারুন বলেন, “উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক স্যারের আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণে আমাদের ওয়ার্ডের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলোর সমাধান হয়েছে। বিভিন্ন রাস্তা সংস্কার এবং কাঁচা রাস্তায় ইট বিছানোর কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসী সরাসরি উপকৃত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমার দৃষ্টিতে ঘাটাইলে তৃণমূল পর্যায়ে সরকারি উন্নয়ন প্রকল্পগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। উন্নয়নের সুফল সাধারণ মানুষ এখন হাতেনাতে পাচ্ছে।”
স্থানীয়দের মতে, পিআইও এনামুল হকের তত্ত্বাবধান ও উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগের ফলে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়েছে। এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকলে ঘাটাইল উপজেলার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা করছেন এলাকাবাসী।