
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মায়া রানী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মহাসড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়া রানী বগুড়া জেলার শাজাহানপুর থানার গন্ডোগ্রাম গ্রামের বাসিন্দা এবং দীলিপ চন্দ্রের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়া রানী তার মেয়ের বাড়ি চান্দাইকোনা এলাকায় জামাতা প্রভাত চন্দ্রের বাসায় যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ওরিন পরিবহনের একটি যাত্রীবাহী কোচ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রায়গঞ্জ থানা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফুড ভিলেজ এলাকা থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।