মোঃ রাকিব হাসান, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে সদর উপজেলা তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য ছিল জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা,সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে শহরের দেওয়ানপাড়া পৌর ভূমি অফিস প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান, অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও মৌজা মানচিত্র সংক্রান্ত পরামর্শসহ নানা কার্যক্রম পরিচালিত হয়।
জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা তাসনীম এবং জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। বক্তারা ভূমি সেবার ডিজিটাল রূপান্তরের সুফল তুলে ধরে জনগণকে অনলাইনভিত্তিক সেবা গ্রহণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা ও তথ্য প্রদান করা হয়। সমাপনী দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে অতিথিরা মেলার সফল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






