
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিসহ মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার(১২ জুন ২০২৬) জেলা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক কারবার নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠ পর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করেন টাঙ্গাইল জেলার পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রিভেন্টিভ মামলা, নিয়মিত মামলা, মাদক উদ্ধার এবং পরোয়ানামূলে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে ৪২১ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং ৩০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টাঙ্গাইল জেলা পুলিশ জনগণকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেছে, সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
"অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন"— এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।