
জিল্লুর রহমান, তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে নারী নির্যাতন প্রতিরোধ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাড়াশ থানা পুলিশ ও ইউএনএফপিএ (UNFPA)-এর যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই ২০২৬)বাস্তবায়নাধীন PREVAIL প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় পুলিশ নারী হেল্প ডেস্কের কার্যক্রম, নারীদের জন্য সহজে আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের আইনি সহায়তা প্রাপ্তি সহজ করবে এবং নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনি সহায়তা প্রাপ্তি সহজ করা এবং সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ ও সহিংসতা দূর করতে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”
সভায় নারী নিরাপত্তা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সকলের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।