
তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ৫ই আগস্ট পরবর্তী দায়ের করা চারটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক চার নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
আসামিরা হলেন তারা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আনিস প্রধান, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুর রহমান শুভ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ ও প্রচার সম্পাদক মোঃ ছোটন আহমেদ।
বুধবার (২৪ জুন ২০২৬) সকালে আসামিরা সিরাজগঞ্জ আদালতে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
জানা যায়, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা তিনটি মামলা ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বিএনপি'র প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের পথসভায় গাড়ি ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের প্রায় পাঁচশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
এসব মামলায় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে জেল খেটেছেন। কেউ কেউ জামিনে আছেন, অন্যরা পলাতক থাকায় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
সিরাজগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল ইসলাম বাঁটুল বলেন, অভিযুক্ত আসামিরা আদালতের কাছে জামিন প্রার্থনা করলে, আদালত তা না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।