
জিল্লুর রহমান, তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী। সোমবার (২৭ জুলাই ২০২৬) দিবাগত রাতে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়িয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী সুমাইয়া পারভীন (২৫)-এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার ভূয়ট গ্রামের আউয়ালের ছেলে আসাদুল ইসলাম (২৮)-এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং নিয়মিত যোগাযোগ চলছিল। এ নিয়ে স্বামী সেলিম রেজার দীর্ঘদিন ধরেই সন্দেহ ছিল।
সোমবার রাতে ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান সেলিম রেজা। সেই সুযোগে সুমাইয়া পারভীন মোবাইল ফোনে আসাদুল ইসলামকে বাড়িতে ডাকেন। পরে রাতেই সেলিম রেজা বাড়িতে ফিরে নিজ কক্ষে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে স্বামী সেলিম রেজা স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। স্ত্রীর সম্মতিতে পাঁচ লাখ টাকা কাবিনে সবার উপস্থিতিতে সুমাইয়া পারভীনের সঙ্গে আসাদুল ইসলামের বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকালে নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন সেলিম রেজা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মালেক হোসেন বলেন, ওই নারীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন ছিল। স্বামী হাতেনাতে ধরে ফেলায় উভয় পক্ষের সম্মতিতে সবার সামনে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।