
মোঃ জিল্লুর রহমান,তাড়াশ প্রতিনিধি :
কর্মসংস্থান সৃষ্টি ও পিছিয়ে পড়া শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক তাঁর নিজস্ব অর্থায়নে ১০টি অটোরিকশা বিতরণ করেছেন।
শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং তাদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি জানান, কর্মসংস্থান সৃষ্টি হলে একটি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
উপকারভোগী অটোরিকশা চালকরা আনন্দ প্রকাশ করে বলেন, এতদিন নিজেদের অতিরিক্ত আয়ের কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র কৃষিকাজের ওপর নির্ভর করে পরিবার চালাতে অনেক কষ্ট হতো। এখন অটোরিকশা পেয়ে তারা নিয়মিত আয়ের সুযোগ পাবেন এবং পরিবারের ভরণ-পোষণ আরও ভালোভাবে করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কর্মসংস্থানমুখী এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।