
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দৈনিক কালের কণ্ঠ (মাল্টিমিডিয়া)–এর সিরাজগঞ্জ প্রতিনিধি রাব্বি হাসান হৃদয়কে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাতে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরনবী জানান, সিরাজগঞ্জ থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। পরে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ধর্ষণের পাশাপাশি পর্নোগ্রাফি সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার উপশহর এলাকার বাসিন্দা রুমী খাতুন বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলায় সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার নাজমুল হুদা ও রাব্বি হাসান হৃদয়কে আসামি করা হয়।
ওই মামলার ভিত্তিতেই র্যাব রাব্বি হাসান হৃদয়কে গ্রেপ্তার করে।