
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৩ নম্বর জামুরিয়া মডেল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন এলাকার পরিচিত মুখ মো. আলতাব হোসেন সরকার। বিভিন্ন গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। স্থানীয়দের দাবি, তার গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া মিলছে।
ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার—সবখানেই চেয়ারম্যান প্রার্থী, যোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে চলছে আলোচনা। স্থানীয়দের অনেকেই মনে করছেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
স্থানীয় ভোটারদের ভাষ্য, আলতাব হোসেন সরকার একজন সৎ, মানবিক, উদার ও ন্যায়পরায়ণ ব্যক্তি। তারা জানান, জামুরিয়া ইউনিয়ন পরিষদ ভবনটি আলতাব হোসেন সরকারের পরিবারের দান করা জমির ওপর নির্মিত। এছাড়া দীর্ঘদিন ধরে ইউনিয়নের অসহায় ও সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছেন।
শংকরপুর গ্রামের বাসিন্দা শামীম বলেন, "আলতাব হোসেন ভাই অত্যন্ত সরল ও মানবিক মানুষ। চেয়ারম্যান না হয়েও তিনি অনেক চেয়ারম্যানের চেয়ে বেশি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি নিজেই তার সহযোগিতার বাস্তব উদাহরণ। যে কোনো সমস্যায় তার কাছে গেলে তিনি সাধ্য অনুযায়ী সাহায্য করেন। তাই আমরা চাই, তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আরও ব্যাপকভাবে জনসেবার সুযোগ পান।"
গণসংযোগকালে আলতাব হোসেন সরকার বলেন, "আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমান উন্নয়ন নিশ্চিত করে জামুরিয়া মডেল ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।"
এদিকে, স্থানীয়দের মতে, আলতাব হোসেন সরকারের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, নম্র আচরণ ও জনসেবামূলক ভূমিকার কারণে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তবে নির্বাচনের চূড়ান্ত রায় নির্ধারণ করবেন ভোটাররাই।