
নিজস্ব প্রতিবেদক,, এনায়েতপুর চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ এনায়েতপুরে দৌলতপুর ইউনিয়নের গোপালপুরে গ্রামের মোঃ হাসমতুল্লাহ কর্তৃক গণমাধ্যমে দেওয়া অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ কোরবান আলী (৫৫)।
সোমবার (২৭ জুলাই) আজুগড়া জামতৈলের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোঃ কোরবান আলী বলেন, গত ২৫ জুলাই মোঃ হাসমতুল্লাহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অভিযোগ করেছেন। ওই অভিযোগের ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করেন।
তিনি আরও বলেন, মোঃ হাসমতুল্লাহ তার আত্মীয়। পারিবারিক সম্পর্কের সূত্রে হাসমতুল্লাহর সঙ্গে তার ছোট শ্যালিকা আয়শা খাতুনের বিয়ে দেওয়া হয়। কোরবান আলীর দাবি, হাসমতুল্লাহ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক সেবনে আসক্ত। এতে তার ব্যবসা ও আর্থিক অবস্থা অবনতির দিকে যায়। একপর্যায়ে তিনি নিজ বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে কোরবান আলী জানান, বিষয়টি জানতে পেরে আয়শা খাতুন তার পরিবারের সদস্যদের অবহিত করেন। পরে বড় জামাতা হিসেবে তিনি হাসমতুল্লাহকে বাড়ি বিক্রি না করার পরামর্শ দিতে তার বাড়িতে যান। কিন্তু এ বিষয়টি বলার সঙ্গে সঙ্গেই হাসমতুল্লাহ তার বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অপবাদ দেন এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর অভিযোগ তুলে ধরেন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে কোরবান আলী আরও অভিযোগ করেন, মোঃ হাসমতুল্লাহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দৌলতপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দাবি করেন, হাসমতুল্লাহ মাদকসেবনের সঙ্গে জড়িত এবং নিজের অপকর্ম আড়াল করতে বিভিন্ন সময় মিথ্যা তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
তিনি বলেন, "আমার বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা হলে সত্য উদঘাটিত হবে।"
কোরবান আলী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।