সোহান সেখ ::
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে একটি পানের দোকান দখলের অভিযোগ তুলে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন দত্তববাড়ি গ্রামের মৃত আইজুদ্দির ছেলে মো. আলমগীর।
আলমগীর সাংবাদিকদের অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে তার পানের দোকানটি জোরপূর্বক দখলে নেন বাগবাটি ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম ও তার ভাই তোতা বাবু। আর্থিক সংকটের কারণে কিছুদিন ঢাকায় অবস্থান করার সুযোগে তার অনুপস্থিতিতে এই দখল ঘটে বলে তিনি দাবি করেন। সম্প্রতি এলাকায় ফিরে এসে তিনি দেখেন, তার দোকানে অন্যরা ব্যবসা পরিচালনা করছেন।
তিনি আরও জানান, বাজার পরিচালনাকারী আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে তিনি দোকানটি নিয়েছিলেন এবং সেখানে নিয়মিত পানের ব্যবসা করতেন।
অভিযোগের বিষয়ে মো. তোতা বাবু বলেন, এলাকার মুরুব্বিদের সঙ্গে আলোচনা করেই আমি দোকানটি নিয়েছি।
এদিকে আব্দুল হালিম বলেন, স্থানীয় মেম্বারদের উপস্থিতিতে মীমাংসার মাধ্যমে আমার ভাইকে দোকানটি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার রফিক জানান, তাকে বিষয়টি নিয়ে ডাকা হয়েছিল। তিনি বলেন, আমি বলেছিলাম আলমগীরকে ডেকে এনে বসে সমাধান করা উচিত। কিন্তু আমার কথা তারা শোনেনি।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন।






