
সিংড়া (নাটোর) প্রতিনিধি মো. শামীম রেজা :
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করে নাটোরের সিংড়া উপজেলার শীর্ষস্থান ধরে রেখেছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী বৃত্তি লাভ করে উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বিয়াম ফাউন্ডেশন পরিচালিত এ প্রতিষ্ঠানটি শুরু থেকেই মানসম্মত শিক্ষার জন্য সুনাম অর্জন করে আসছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বৃত্তির সংখ্যা ও সাফল্যের হার—উভয় দিক থেকেই এটি উপজেলার সর্বোচ্চ অর্জন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদত হোসেন বলেন, ২০২২ সালের পর দীর্ঘ বিরতি শেষে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষাতেও আগের সাফল্যের ধারা বজায় রাখতে পেরে তারা আনন্দিত। তিনি জানান, ২০২২ সালের পরীক্ষায়ও প্রতিষ্ঠানটির ১১ জন পরীক্ষার্থীর সবাই বৃত্তি পেয়েছিল, যা ছিল শতভাগ সাফল্য। শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানের সভাপতি ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত পাঠদান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পৃথক পরিচর্যা এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণেই প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।