রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা পদক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার রংপুর বিভাগীয় পর্যায়ে অংক দৌড়ে প্রথম স্থান অর্জন করেছে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার গোগরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শাফায়াত হোসেন।
বুধবার (৯ জুন ২০২৬) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শাফায়াত হোসেন তার অসাধারণ মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিদ্যালয়, উপজেলা এবং জেলার জন্য গৌরব বয়ে আনে। সে গোগরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
শিক্ষার্থী শাফায়াত হোসেনের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান শিক্ষার্থীর এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “শাফায়াতের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। জাতীয় পর্যায়েও সে তার মেধার স্বাক্ষর রেখে একই ধারা অব্যাহত রাখবে বলে আমরা আশাবাদী।”
এদিকে শাফায়াত হোসেনের এ কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও তার সাফল্য কামনা করেছেন সবাই।






