
মোঃ হোসেন আলী ছোট্ট :
“প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর সুরক্ষায়, গড়ব ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বক্তৃতা, আবৃত্তি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী এবং বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। আজকের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা দেশ ও বিশ্বের পরিবেশগত সংকট সম্পর্কেও সচেতন।”
তিনি আরও বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে যে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়েছে, তা নিজ নিজ বাড়ির আঙিনায় বা আশপাশে রোপণ করলে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ দূষণের বিভিন্ন কারণ তুলে ধরে তিনি বলেন, “অপরিকল্পিত শিল্পায়ন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা কর্মকাণ্ড পরিবেশের ক্ষতি করছে। এসব বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মুহাম্মদ বিন এমরান বলেন, “পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন সময় টিভির প্রধান কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক দ্বীন মোহাম্মদ সাব্বির।
আলোচনা সভা শেষে বক্তৃতা, আবৃত্তি, কুইজ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

বর্ণাঢ্য এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে গেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।