
ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশের ক্রিকেট উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে নতুন প্রত্যাশার বার্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল কায়েস। তার এই নির্বাচিত হওয়ার খবরে সিরাজগঞ্জ জেলার ক্রীড়াঙ্গন, ক্রিকেটপ্রেমী মানুষ ও তরুণ খেলোয়াড়দের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসা আব্দুল্লাহ আল কায়েস নিজেকে একজন ক্রীড়াপ্রেমী সংগঠক হিসেবেও পরিচিত করে তুলেছেন। ক্রীড়াবান্ধব মানসিকতা, তরুণদের প্রতি দায়বদ্ধতা এবং খেলাধুলার উন্নয়নে আগ্রহের কারণে তিনি ইতোমধ্যেই জেলার বিভিন্ন মহলে প্রশংসিত।
বিসিবির মতো দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি নির্বাচিত হওয়াকে তিনি শুধু ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, বরং জেলার ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল কায়েস গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের প্রতি। তার দিকনির্দেশনা, অনুপ্রেরণা ও আস্থাই আমাকে সবসময় সাহস যুগিয়েছে। একই সঙ্গে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সিরাজগঞ্জ জেলার সকল শুভাকাঙ্ক্ষী, ক্রীড়াপ্রেমী মানুষ, সংগঠক, খেলোয়াড় এবং সংশ্লিষ্ট সকলকে। আমাকে যে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।
জেলার ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, আব্দুল্লাহ আল কায়েসের মতো একজন তরুণ ও উদ্যমী সংগঠকের বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিনিধি হওয়া সিরাজগঞ্জের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। তারা আশা করছেন, তার মাধ্যমে জেলার ক্রিকেট আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সিরাজগঞ্জের খেলোয়াড়দের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও আব্দুল্লাহ আল কায়েসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই মনে করছেন, এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি শুধু সিরাজগঞ্জ নয়, দেশের ক্রিকেট উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।