
মোঃ হোসেন আলী ছোট্ট : প্রকৃতি সংরক্ষণের প্রতীক হিসেবে বিরল প্রজাতির বৈলাম গাছ উপহার হিসেবে তুলে দেন পরিবেশ ও প্রকৃতির পাঠশালা-র পরিচালক মাহবুবুল ইসলাম পলাশ। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে দেশব্যাপী চলমান ৬৪ জেলায় প্রতীকী বিরল প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ৩৭তম জেলা মুন্সিগঞ্জে এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।এই কর্মসূচির আওতায় মুন্সিগঞ্জ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাছুদুর রহমান স্যারকে পরিবেশ ও প্রকৃতির পাঠশালা, সিরাজগঞ্জ-এর পক্ষ থেকে দুইটি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ উপহার প্রদান করা হয়।বৃক্ষ উপহার প্রদানকালে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিরল প্রজাতির গাছ রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে গভীর ও ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুদুর রহমান বলেন,“পরিবেশ রক্ষায় প্রতীকী বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি কার্যকর মাধ্যম। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরিবেশ ও প্রকৃতির পাঠশালার পক্ষ থেকে জানানো হয়, দেশের প্রতিটি জেলায় বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষ রোপণ ও উপহার প্রদানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোই এই কর্মসূচির মূল লক্ষ্য। ইতোমধ্যে দেশের ৩৯টি জেলায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এই উদ্যোগ স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে পরিবেশ সংরক্ষণে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।