
শহিদুল ইসলাম, প্রতিবেদক:
নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের পক্ষ থেকে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ১০:৩০ মিনিটে এ উপলক্ষে নানিয়ারচর জোন সদর দপ্তরে আয়োজিত এক কর্মসূচীর মাধ্যমে নানিয়ারচর জোনের আওতাধীন উত্তর সাপমারা এলাকার বাসিন্দা বাসনা চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। উল্লেখ্য যে, বর্ণিত ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমার এ আক্রান্ত থাকায় স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সহায়তার বিষয়টি নানিয়ারচর জোনকে অবগত করে। যার ফলশ্রুতিতে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার দ্রুত সম্ভব সময়ে উক্ত রোগীকে উন্নত চিকিৎসা ও ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।
স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।