
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা তে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাঙ্গুড়ার বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম-এর সভাপতিত্বে এবং স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নুরুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মিজানুর রহমান।
সভায় বক্তারা শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাব্বির হোসেন, এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. হালিমা খানম জানান, চলতি বছরের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একটি স্থায়ী কেন্দ্র এবং ১২০টি অস্থায়ী কেন্দ্র সহ মোট ১২১টি কেন্দ্রে একযোগে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ১৮৫ জন শিশুকে লাল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৩২৭ জন শিশু কে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, উপজেলায় মোট ১৬ হাজার ৫১২ জন শিশু কে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে এবং শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।