
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬), ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, উপজেলার মেন্দা কালীবাড়ি প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে দুপুর ১টায় পূজা, অর্চনা ও ভোগ বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৪টায় ভদ্রপাড়া কালীবাড়ি মন্দির থেকে পাথরঘাটা ও কালীমন্দিরের উদ্দেশ্যে পুনর্যাত্রা (উল্টোরথ) বের করা হয়। শোভাযাত্রায় ভক্তরা ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠানে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক সমরজিৎ গুণসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ রথযাত্রা উৎসবে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।