
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধিঃ চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এবং এই তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।
রবিবার ৬ জুলাই ২০২৬ ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ হালিমা খানমের নিকট আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ফ্যানগুলো স্থাপন করা হবে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা গরমের সময় আরও স্বস্তিতে অবস্থান করতে পারবেন।
এ সময় উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এ জনকল্যাণমূলক উদ্যোগ কে সাধুবাদ জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।