
সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে হলে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ করে দিতে হবে। প্রতিদিন অন্তত দুই ঘণ্টা ছেলে-মেয়েদের বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে শহরাঞ্চলে বড় বড় বহুতল ভবন নির্মিত হলেও শিশু-কিশোরদের খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ বা উন্মুক্ত জায়গা রাখা হচ্ছে না। ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। খেলাধুলার অভাবে তারা প্রযুক্তিনির্ভর ও একঘেয়ে জীবনে অভ্যস্ত হয়ে পড়ছে, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, “একটা সময় আমাদের সমাজের একটি বড় অংশ মাদকের ভয়াবহ ছোবলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলাই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে।”
মন্ত্রী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে অন্তত একদিন নিয়মিত ক্রীড়া কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্কুলভিত্তিক খেলাধুলা শিশুদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মানসিকতা গড়ে তোলে।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অংশগ্রহণকারী দলগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও ক্রীড়া প্রদর্শনীতে অংশ নেয়। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।