
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল: মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) বিকেল ৪টায় দেলদুয়ার থানাধীন বেংরাইল বাজারের সুবর্ণতলী এলাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোহাম্মদ লোকমান হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি সাখাওয়াত হোসেন মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহতা ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি তরুণ সমাজকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এজন্য পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানাতে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
সভায় বেংরাইল বাজার ও সুবর্ণতলী এলাকার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে নিয়মিত এ ধরনের কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভাটি স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করে এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগকে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।