
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
মানুষের প্রতি ভালোবাসা, সেবা ও মানবকল্যাণমূলক কাজ একজন মানুষকে মৃত্যুর পরও স্মৃতিতে অম্লান করে রাখে। সমাজের কল্যাণে যারা নিজেদের সম্পদ ও শ্রম উৎসর্গ করেন, তারাই যুগে যুগে মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও অনুসরণীয় হয়ে থাকেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ডৌজানী গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী হাজী আব্দুর রাজ্জাক এমনই একজন মানবপ্রেমী ও সমাজসেবক। তিনি নিজের অধিকাংশ ভূসম্পত্তি জনকল্যাণমূলক কাজে দান করে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মায়ের স্মৃতিকে অম্লান রাখতে তিনি প্রতিষ্ঠা করেছেন আল জামিয়াতুল কওমিয়া হাজী আলী আকবর (রহ.) মাদ্রাসা এবং গুলশান আরা এতিমখানা। এসব প্রতিষ্ঠানে অসহায় ও এতিম শিশুদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ এবং প্রয়োজনীয় সেবাসুবিধা দেওয়া হচ্ছে।
বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও হাজী আব্দুর রাজ্জাক নিয়মিতভাবে নিজের অর্থায়নে এতিমখানা ও মাদ্রাসার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। এককভাবে এত বড় দুটি প্রতিষ্ঠান পরিচালনা করে তিনি সমাজসেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয়দের মতে, তাঁর মানবিক উদ্যোগ অসংখ্য এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর জীবনে আশার আলো জ্বালিয়েছে। তারা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেছেন।
পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর মানবসেবামূলক কার্যক্রম কবুল হওয়ার এবং উত্তরোত্তর সফলতা ও বরকত দানের জন্য দোয়া কামনা করা হয়েছে।