টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ মে ২০২৬) ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপাড় এলাকার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানান, রডবোঝাই একটি ট্রাকের ওপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল গাড়িটি। পথিমধ্যে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভয়াবহ এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা এ ধরনের অবৈধ যাত্রী পরিবহন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।






