
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা এলাকার আইবাধ এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গভীর রাতে সেখানে অভিযান পরিচালনা করে। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে একটি ব্যাগের ভেতরে মোড়ানো অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি জব্দ করা হয়।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।