
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ১১ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার গোগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘ষড়জ শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইস্রাফিল শাহীন। প্রধান আলোচক হিসেবে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও দর্শনের ওপর আলোকপাত করেন তারেক রেজা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, রানীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, ষড়জ শিল্পীগোষ্ঠীর সম্পাদক সেলিমউল্লাহ সেলিম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদ্রোহী কবি নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও শোষণবিরোধী চেতনার গুরুত্ব তুলে ধরেন। বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে তাঁরা বলেন, নজরুলের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রধান অতিথি ড. ইস্রাফিল শাহীন তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, মানবিক মূল্যবোধ ও বিপ্লবী চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ষড়জ শিল্পীগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে নজরুলসংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম ফেরদৌস বাহার ও দিলারা বেগম। অনুষ্ঠানজুড়ে কবিপ্রেমী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।