
সেলিম রেজা, রায়গঞ্জ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ৭ নং নলকা ইউনিয়নে অবস্থিত এরান্দহ দাদেরপাড়া নলকা (ই.ডি.এন) উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা "মাদককে না বলুন" স্লোগান সম্বলিত ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদক আমাদের সমাজ, পরিবার ও নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় অভিশাপ। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, "বর্তমান প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।"
এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে মাদকের ভয়াবহ দিক তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়

সহকারী শিক্ষকগণ আরও বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং সমাজে মাদকবিরোধী গণআন্দোলন গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।