
মো.মোকলেসুর রহমান মামুন :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে স্থাপিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ছাত্র ও ছাত্রী হলের প্রভোস্ট এবং হাউজ টিউটরবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
নবনিযুক্ত উপাচার্যের এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতি তাঁর দায়বদ্ধতা, মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সম্মান এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটেছে বলে উপস্থিতরা মনে করেন।