
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রাম থেকে মো. সবুজ (৩৫) নামে নিখোঁজ এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) ভোর অনুমান ০৬:২০ ঘটিকায় হাসাকোলা গ্রামের বাসিন্দা নান্নু মিলিটারির বাড়ির রাস্তা সংলগ্ন উত্তর পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে। পরে চারদিকে খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন।
নিহত মো. সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রহিম সরকারের ছেলে।
নিহতের স্ত্রী মোছাঃ মিতু খাতুন জানান, গত বুধবার (০৮ জুলাই) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি। আজ সকালে তাঁর মৃত্যুর খবর পান তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় নিহতের পরনে একটি ধূসর রঙের গেঞ্জি এবং নেভী ব্লু কালারের হাফ প্যান্ট ছিল। তাঁর চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।
এদিকে স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, নিহত সবুজ এলাকায় মাঝেমধ্যে 'চুরিচামারি'র সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং এলাকার বিভিন্ন নামকরা চোর ও অপরাধী চক্রের সাথে তাঁর ওঠাবসা ছিল। অভ্যন্তরীণ কোনো কোন্দল বা চুরির ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।
শাহজাদপুর থানা পুলিশ জানায়, নিহতের লাশ বর্তমানে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।