
সেলিম তালুকদারঃ শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর সরিষাকোল এলাকায় পারিবারিক কলহের জেরে মোছাঃ মিম আক্তার (১৮) নামের এক গৃহবধূকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মোঃ রাসেলকে (২০) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৯ জুলাই রাতে পারিবারিক বিষয় নিয়ে মিম আক্তারের সাথে তার স্বামী রাসেলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাসেল তার স্ত্রী মিমকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে ৯ জুলাই রাত ৯:০০ টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন (প্রাথমিক তদন্ত রিপোর্ট) প্রস্তুত করে এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত স্বামী রাসেলকে আটক করতে সক্ষম হয়।
নিহত মিম আক্তার স্থানীয় আব্দুল আলিমের মেয়ে। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে আটক করেছে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল এ পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।