
মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মসলা ও নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ মে, ২০২৬) সকালে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

অভিযান চলাকালে বাজারে মসলা জাতীয় পণ্যের দাম যাচাই, নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের বিষয়টি তদারকি করা হয়। এ সময় এলাচসহ বিভিন্ন মসলার অতিরিক্ত দাম আদায়, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মিনা বাজারকে ২০ হাজার টাকা, টেস্টি লাইভ বেকারিকে ৫ হাজার টাকা এবং এসিআই লজিস্টিকস লিমিটেডের স্বপ্ন সুপার শপকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে মসলা-সহ নিত্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের সংকট নেই। পাশাপাশি নিত্যপণ্যের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ অভিযানে স্থানীয় বণিক সমিতির সাধারণ সম্পাদক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।